বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পাওয়া মাত্রই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বর্তমানে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তাঁকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ড যখনই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ দেবে, যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নেব। বর্তমানে দেশ ও বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে তিনি বলেন, ‘গত তিন দিন ধরে তার অবস্থা একই পর্যায়ে (স্থিতিশীল) রয়েছে।’
এর আগে শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রশাসনিক ও লজিস্টিক ব্যবস্থা করে রাখা হয়েছে। তবে দীর্ঘ ভ্রমণের ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা বর্তমানে তার নেই।
মির্জা ফখরুল বলেন, ‘শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে এবং চিকিৎসকরা অনুমতি দিলে তাঁকে বিদেশে নেওয়া সম্ভব কি না, তা বিবেচনা করা হবে।’ শুক্রবার মির্জা ফখরুল খালেদা জিয়ার অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ বলে উল্লেখ করেছিলেন।
গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরবর্তীতে তার নিউমোনিয়া ধরা পড়ে। এছাড়া তিনি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসহ একাধিক জটিল রোগে ভুগছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, একটি রোগের চিকিৎসা করতে গেলে অন্যটির ওপর বিরূপ প্রভাব পড়ায় চিকিৎসা প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেখানে চার মাস অবস্থানের পর ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর থেকে শারীরিক নানা জটিলতায় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

