বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচনী প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে পারে। তবে তিনি যোগ করেন, বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে ইসিতে আসেন মির্জা ফখরুল। তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন:
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ
ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া
বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের বিস্তারিত জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ভোটারদের কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ এবং একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তিনি অনতিবিলম্বে প্রতীক সংবলিত সঠিক ব্যালট সরবরাহের দাবি জানান। এছাড়া ভোটারদের এনআইডি, বিকাশ নম্বর এবং মোবাইল নম্বর সংগ্রহ নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, আচরণবিধি ভঙ্গ করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনী এলাকার ভোটার স্থানান্তরও পরিকল্পিতভাবে করা হয়েছে। তিনি কমিশনের প্রতি আহ্বান জানান, যেসব কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়া হোক এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক।
মির্জা ফখরুল বলেন, “ব্যালট পেপারসহ নির্বাচন প্রক্রিয়ার সব কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করতে হবে। আমরা মনে করি এই কমিশন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে এর জন্য কমিশনকে তাদের ত্রুটিগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।”
মানবকণ্ঠ/আরআই




Comments