বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্যে দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে যে সরকারের মালিক হবে জনগণ। জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে।
বুধবার সকালে নির্বাচনী গণসংযোগকালে চকরিয়ার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠ ও একই এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পৃথক পথসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনার পছন্দের প্রার্থীকে দিবেন। গণতন্ত্রকে শক্তিশালী করবেন। বাংলাদেশে যেন আর কোনোদিন এই কথা শুনতে না হয় কেউ গুম হয়েছে। কোনো মাকে যেন সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয়। বিএনপি এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করবে, যে বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাদের মর্যাদাবান করতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির কর্মসূচি, বিএনপির পরিকল্পনা এবং রাষ্ট্র চিন্তা যদি মানুষের পছন্দ হয় তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দিবে।
তিনি বলেন, আমরা মনে করি অন্য যে রাজনৈতিক দল গুলো নির্বাচন করছেন তারাও তাদের কর্মসূচি, পরিকল্পনা প্রকাশ করবে। জনগণ তাদেরটা পছন্দ করলে তাদেরও ভোট দিবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এমনই হওয়া উচিত। কিন্তু একটা দল তা না করে তাদের ভোট দিলে মরলে পরে জান্নাত পাবেন বলে ধোঁকাবাজী করছে তাদের থেকে সাবধান থাকতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে বসেছিল। আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছিলাম। কেউ মুক্ত পরিবেশে কথা বলতে পারেনি। তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন তারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।




Comments