Image description

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি “ইতর শ্রেণির লোক” তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে।রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যারা নারীদের সম্মান করে না, তারাই আবার উল্টো কর্মসূচি পালন করে বেড়াচ্ছে।”

নারীদের নিরাপত্তা নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “নারীদের ঘর, চলাচল ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত। সরকারি চাকরিজীবীদের যথাযথ সম্মান বজায় রেখেই বেতন বৈষম্য দূর করা হবে।”

তিনি আরও বলেন, “যারা নারীদের কাপড় খুলে নিতে চায়, তাদের মানুষ বলা যায় না। মায়ের গায়ে হাত তুললে বাংলাদেশে বিস্ফোরণ ঘটবে।”*

নির্বাচনী পরিবেশ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, “নির্বাচনী প্রচারণায় কেউ বাধা দিলে বা সন্ত্রাসী কার্যক্রম চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

এ সময় জামায়াত নেতা রেজাউল করিম হত্যার বিচার দাবি করে তিনি বলেন, “যারা রেজাউল করিমকে হত্যা করেছে, তাদের জন্য এসব নতুন নয়। তারা নিজ দলের দুই শতাধিক নেতাকর্মীকেও হত্যা করেছে। ঘটনার তিন দিন পার হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”

মানবকণ্ঠ/আরআই