Image description

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে কুমার নদের কালীনগর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) ভোর থেকেই হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে নদীর তীর।

জানা গেছে, প্রতিবছর মাঘী পূর্ণিমা তিথিতে এই পুণ্যস্নানের আয়োজন করা হয়। রবিবার সকাল সাড়ে ৭টা থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা ধর্মীয় আবেগ ও উৎসাহের সঙ্গে গঙ্গাস্নানে অংশ নেন। পবিত্র স্নানের মাধ্যমে তারা নিজেদের ও পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করেন।

গঙ্গাস্নানে আসা পুণ্যার্থী গৌতম দাস বলেন, “পবিত্র এই স্নানের মাধ্যমে মন ও আত্মা পরিশুদ্ধ হয় বলে আমরা বিশ্বাস করি। আমি আমার পরিবারের আরোগ্য ও মঙ্গলের জন্য প্রার্থনা করেছি।” আরেক পুণ্যার্থী অসীম বিশ্বাস জানান, হাজারো ভক্তের সাথে এই পুণ্যস্নানে অংশ নেওয়া এক বিশেষ অনুভূতি, যা মনের সকল গ্লানি দূর করে দেয়।

স্নান উৎসব পরিদর্শন করেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাব্বাত হায়াত মিয়া এবং ইউপি সদস্য আব্দুর রাজ্জাক শেখসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উৎসবের ধর্মীয় গুরুত্ব তুলে ধরে পুরোহিত কাঙ্গাল অনিল সাধু বলেন, “শাস্ত্র মতে গঙ্গা মা পবিত্রতার প্রতীক। মাঘী পূর্ণিমার এই তিথিতে গঙ্গাস্নানের মাধ্যমে মানুষের পাপ মোচন হয় এবং ভক্তরা ভগবানের বিশেষ আশীর্বাদ লাভ করেন।”

গঙ্গাস্নান উপলক্ষে কুমার নদের তীরে বসেছে ঐতিহ্যবাহী লোকজ মেলা। মেলায় নাগরদোলা, বাহারি খাবারের দোকান, মিষ্টান্ন ও প্রসাধনীসহ বিভিন্ন গ্রামীণ পণ্যের সমাহার ঘটেছে, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে।

নিরাপত্তার বিষয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, গঙ্গাস্নান ও মেলাকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক সহায়তা করছেন। এখন পর্যন্ত পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর