Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির যে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, “গতকাল আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে ৮ তারিখের নয়াপল্টনের সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি জানান, এর পরিবর্তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা ও নির্বাচনী বক্তব্য দেবেন। কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে যে জনসভার পরিকল্পনা ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে।

রিজভী আরও বলেন, “৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্তে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য দিতে পারেন।”

উল্লেখ্য, এর আগের দিন এক সংবাদ সম্মেলনে রিজভী জানিয়েছিলেন, নির্বাচনের আগে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মসূচি বাতিল করা হলো।

মানবকণ্ঠ/আরআই