ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে তিনি সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব তুলবেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকা শহরের প্রাণকেন্দ্র হলেও মানুষ যখন রান্নার জন্য গ্যাস পায় না, তবু মাসিক বিল দিতে হয়। সংসদে গিয়ে এ নীতি প্রণয়ন করব। এছাড়া, পাইপলাইনে গ্যাস সরবরাহে ব্যর্থ হলে এলপিজি সিলিন্ডার ন্যায্য মূল্যে সরবরাহ নিশ্চিত করার প্রস্তাবও রাখব।”
তিনি আরও জানান, ঢাকা-৯ আসনে প্রায় ছয়-সাত লাখ মানুষ থাকলেও একটি সরকারি হাসপাতাল আছে, যেখানে জনবল ও যন্ত্রপাতি সংকট রয়েছে। মুগদা হাসপাতাল এবং এলাকার ক্লিনিকগুলো আধুনিকায়ন ও মিনি-হাসপাতালের সমতুল্য করার জন্য বিশেষ উদ্যোগ নেবেন। পাশাপাশি, সারাবছর ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠন করা হবে। নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ও সরকারি স্থাপনায় গর্ভবতী মায়েদের জন্য নিয়মিত চিকিৎসা, ব্রেস্টফিডিং স্পেস ও নারীবান্ধব টয়লেট থাকবে।
শিক্ষা খাতে তিনি বলেছেন, স্কুলে ভর্তিতে কোনো এমপির কোটা থাকবে না; মেধা ও স্বচ্ছতা একমাত্র মানদণ্ড। এছাড়া, আধুনিক বিজ্ঞান ল্যাব, কোডিং ক্লাব, লাইব্রেরি এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তাসনিম জারা বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচন কেবল প্রতিনিধি নির্বাচনের মাধ্যম নয়, বরং এটি একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ, যেখানে নাগরিকরা ন্যায্য সেবা পাবেন, আর সেবা নিতে বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারজাপটা দিতে হবে না—এগুলোই তাদের doorstep-এ পৌঁছে যাবে।”
মানবকণ্ঠ/আরআই




Comments