হোসেনপুরে ফিলিং স্টেশনে চাঁদাবাজি ও খুনের হুমকি: গ্রেপ্তার ১
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ফিলিং স্টেশন বন্ধের হুমকি দিয়ে চাঁদা দাবি এবং মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবণ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রামপুর মোড়লবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শ্রাবণ ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হোসেনপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকায় অবস্থিত 'মেসার্স ইশা ফিলিং স্টেশন' দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি বিল্লাল হোসেন শ্রাবণ তার সহযোগীদের নিয়ে ফিলিং স্টেশনটির মালিকের কাছে চাঁদা দাবি করতে থাকেন। বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তারা ধাপে ধাপে প্রায় ৫০ হাজার টাকা আদায় করেন।
ঘটনার ধারাবাহিকতায়, গত ৫ ফেব্রুয়ারি সকালে অভিযুক্ত ও তার সহযোগীরা ফিলিং স্টেশনের সামনে এসে প্রতিষ্ঠানটি বন্ধের হুমকি দিয়ে আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক তেলের পাম্প বন্ধ করে দেয়। একই দিন রাতে শ্রাবণ মুঠোফোনে ফিলিং স্টেশনের মালিককে গালিগালাজ করেন এবং পিস্তল দিয়ে তাকে ও কর্মচারীদের হত্যার হুমকি দেন।
এ ঘটনায় ভুক্তভোগী মালিক হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অভিযুক্ত শ্রাবণকে গ্রেপ্তার করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চাঁদাবাজদের দমনে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments