গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে স্পষ্ট অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায় আর কে চায় না। দেশের শাসনব্যবস্থা যেভাবে পরিচালিত হয়েছিল, যারা তা পরিচালনা করেছিল তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশকে সঠিক পথে আনতে হলে সংস্কার অপরিহার্য। সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট আয়োজন করা হয়েছে। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেব।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, তিনি সবসময় তাদের পাশে আছেন এবং কেউ তাদের ক্ষতি করতে পারবে না। দেশের সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
জনসাধারণের উদ্দেশে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে—এই দেশ আগের ধারায় চলবে, নাকি নতুন পথে এগোবে। তিনি প্রশ্ন রাখেন, জনগণ কি নতুনভাবে দেশ পরিচালিত হতে দেখতে চায় না?
বিএনপি মহাসচিব আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার নেতা। পুরোনো রাজনীতির পরিবর্তে নতুন নেতৃত্বের হাত ধরেই দেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষায়, এই দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত একজন তরুণ, যিনি নতুন ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিতে পারবেন। সবাইকে সেই পরিবর্তনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
মানবকণ্ঠ/আরআই

