Image description

বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না—এই বাংলাদেশ তার নিজস্ব পরিচয়েই থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। রোববার (৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে পোশাকের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা বজায় থাকবে। যারা হিজাব পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা বাধাহীনভাবে তা পরতে পারবেন। একইভাবে যারা অন্য কোনো পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারাও নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করবেন।

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংক ও উন্নয়ন প্রকল্প থেকে লুট হওয়া অর্থ উদ্ধার এবং তার বিচার নিশ্চিত করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার অর্থ পুনরুদ্ধারের উদ্যোগ নিলেও অবহেলার কারণে তা সফল হয়নি। জনগণ সুযোগ দিলে তার দল এই অর্থ উদ্ধার করবে বলেও আশ্বাস দেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ঘুষ, দুর্নীতি ও লুটপাটের অবসান ঘটিয়ে বৈষম্যহীন অর্থনীতি গড়ে তোলাই তাদের লক্ষ্য। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতজানু অবস্থান পরিহার করে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ কূটনীতিতে অগ্রসর হওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, “সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়”—এই নীতির কথা বলা হলেও বাস্তবে তা অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া, আঞ্চলিক সহযোগিতা জোরদারে আসিয়ানে যোগদানের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান নাহিদ ইসলাম। পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতাকে ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

মানবকণ্ঠ/আরআই