ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের দুই হেভিওয়েট প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন ও ফেসবুক লাইভে এসে তারা এই ঘোষণা দেন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী (ট্রাক প্রতীক) মো. জসিম উদ্দিন বিকেল ৫টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন। ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, দেবিদ্বারের বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট ছিনতাই করা হয়েছে এবং তার নেতাকর্মীদের মারধর করে রক্তাক্ত অবস্থায় কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
জসিম উদ্দিন বলেন, “টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। অনেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে আমি এই প্রহসনের ভোট বর্জন করছি।”
উল্লেখ্য, এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ। বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের পর জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছিল বিএনপি।
এদিকে, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বিকেল ৩টা ২০ মিনিটে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
মেঘনা শিল্প এলাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমার নির্বাচনী এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং প্রশাসনের উপস্থিতিতেই ব্যাপক জাল ভোট প্রদান করা হয়েছে।”
রেজাউল করিম অভিযোগের আঙুল তোলেন বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অনুসারীদের দিকে। তিনি বলেন, “প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সাধারণ ভোটারের মতামতের কোনো প্রতিফলন এখানে ঘটছে না। আমি এই অবৈধ নির্বাচন বাতিল করে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি।”
দুই প্রার্থীরই অভিযোগ, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে তাদের পক্ষে নির্বাচনে টিকে থাকা সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments