Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে শুরু হয়েছে ভোট গণনা। ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি কেন্দ্রের মধ্যে ৮টির প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ২ হাজার ৭৪৪ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনের সঙ্গে প্রথমবারের মতো গণভোটও অনুষ্ঠিত হয়েছে। দিনভর ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে শুরু হয় গণনার কাজ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুইজন নারী প্রার্থী। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী রয়েছেন।

জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন, নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। এছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার, যার মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।

এখনো বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসা বাকি রয়েছে। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার।

মানবকণ্ঠ/আরআই