Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সরাইল উপজেলার আংশিক ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ৩৩টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সরাইল উপজেলার ৩৩টি কেন্দ্রে রুমিন ফারহানা পেয়েছেন ৩১ হাজার ৭১৩ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিব পেয়েছেন ২২ হাজার ৩৩১ ভোট। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ৯ হাজার ৩৮২ ভোটের ব্যবধানে রুমিন ফারহানা সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন; যার মধ্যে পুরুষ ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন।

বর্তমানে বাকি ১১৮টি কেন্দ্রের ভোট গণনা ও ফলাফল সংগ্রহের কাজ চলছে। রুমিন ফারহানার এই বড় ব্যবধানের অগ্রগামিতা তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে।

মানবকণ্ঠ/ডিআর