Image description

ফরিদপুরের রাজনীতির ঐতিহ্যবাহী আসন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ। আসনটির ১১৭টি ভোটকেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

চূড়ান্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। শামা ওবায়েদ ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

শামা ওবায়েদ বিএনপির সাবেক মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিক প্রয়াত কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা। তাঁর বাবা নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের কৃতি সন্তান ছিলেন এবং ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচবার নির্বাচনে অংশ নিয়ে চারবারই এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাবার সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখে শামা ওবায়েদ এবার বিপুল ভোটে জয়ী হলেন। বর্তমানে তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বিকেলের পর থেকে প্রতিটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করলে শামা ওবায়েদের জন্মস্থান লস্করদিয়াসহ সালথা ও নগরকান্দার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। দীর্ঘ সময় পর এই আসনে ধানের শীষের জয় আসায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

মানবকণ্ঠ/ডিআর