ঢাকা-১১:
৬১ কেন্দ্রের ফলে বিএনপির কাইয়ুমকে পেছনে ফেলে এগিয়ে নাহিদ ইসলাম
রাজধানীর গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা ঢাকা-১১ (বাড্ডা-রামপুরা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া ১৬২টি কেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপি প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাহিদ ইসলাম।
নির্বাচন কমিশন ও কেন্দ্রভিত্তিক প্রাপ্ত তথ্যানুযায়ী, ৬১টি কেন্দ্রে মোট বৈধ ভোটের সংখ্যা ৬২ হাজার ৮৬৪। এর মধ্যে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৩১ হাজার ৯৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৩০ হাজার ৮৯৮ ভোট। অর্থাৎ প্রাথমিক এই ফলাফলে ১ হাজার ৬৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন নাহিদ ইসলাম। শুরু থেকেই এই দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল, যা এখন বাস্তব রূপ নিচ্ছে।
একই সাথে অনুষ্ঠিত হওয়া সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোটের ফলাফলও পাওয়া গেছে এই ৬১টি কেন্দ্রে। সেখানে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৬ হাজার ৮২৭টি এবং বিপক্ষে ‘না’ ভোট পড়েছে ১৪ হাজার ৫০৩টি।
সকাল থেকেই রামপুরা ও বাড্ডা এলাকাগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে তারুণ্যনির্ভর জোটের প্রার্থীরা তরুণ ভোটারদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। যদিও এম এ কাইয়ুম এই এলাকার পরিচিত মুখ, তবে নাহিদ ইসলামের শাপলা কলি প্রতীকের পক্ষে বড় একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সারা দেশ থেকে আসা কেন্দ্রভিত্তিক ফলাফলগুলো সমন্বয় করে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত থাকায় আজ সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘হ্যাঁ’ বা ‘না’ ব্যালটের মাধ্যমে তাদের রায় দিয়েছেন। ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের এই বিশাল কর্মযজ্ঞে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments