জাতীয় পার্টির এক সময়ের অপ্রতিভ্য দুর্গ হিসেবে পরিচিত রংপুরে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। রংপুর-৩ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে পিছিয়ে থেকে তিনি এখন শোচনীয় পরাজয়ের পথে। এই আসনে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান বেলাল।
রংপুর-৩ আসনের পরিসংখ্যান:
আসনটির মোট ১৬৯টি কেন্দ্রের মধ্যে ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী:
মাহবুবুর রহমান বেলাল (জামায়াত - দাঁড়িপাল্লা): ১,১৫,০৬১ ভোট।
সামসুজ্জামান সামু (বিএনপি - ধানের শীষ): ৫৪,৮১৫ ভোট।
জিএম কাদের (জাতীয় পার্টি - লাঙ্গল): ২৫,৩৪৭ ভোট।
হিসেবে দেখা যাচ্ছে, জামায়াত প্রার্থীর চেয়ে প্রায় ৯০ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন জিএম কাদের। এমনকি বিএনপি প্রার্থীর প্রাপ্ত ভোটের অর্ধেক ভোটও এখন পর্যন্ত পাননি তিনি।
শুধু সদর আসনই নয়, রংপুরের বাকি পাঁচটি আসনেও জাতীয় পার্টির প্রার্থীদের অবস্থা অত্যন্ত নাজুক। এক সময়ের জাতীয় পার্টির এই দুর্গে এবার বড় ধরনের ধস নেমেছে। প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, রংপুরের ছয়টি আসনেই শোচনীয় পরাজয়ের মুখে রয়েছে দলটি। প্রতিটি আসনেই জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে থেকে জয়ের পথে রয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বর্তমানে বাকি কেন্দ্রগুলোর ফলাফল গণনা ও চূড়ান্ত ঘোষণার প্রস্তুতি চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রংপুরের এই ফলাফল জাতীয় রাজনীতির সমীকরণে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments