ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে বিজয়ী হয়ে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল হান্নান মাসউদ। ১১ দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হিসেবে তিনি ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় নিশ্চিত করেন।
২০০০ সালের ১ জানুয়ারি নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে জন্মগ্রহণ করা মাসউদের বয়স বর্তমানে ২৬ বছর। সে হিসেবে তিনিই দেশের সবচেয়ে কম বয়সে নির্বাচিত এমপি।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতা ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।
নোয়াখালী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট প্রদত্ত ভোট ১ লাখ ৬৬ হাজার ৩৫১। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯২৫ এবং ‘না’ ভোট পড়েছে ৫৩ হাজার ২৪৮।
তরুণ নেতৃত্বের এই বিজয় দেশের রাজনীতিতে নতুন প্রজন্মের অংশগ্রহণকে আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments