নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে সারাদেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও ১১-দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘সারাদেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১-দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তাঁদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁরা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে।’
একই ধরনের অভিযোগ তুলে এনসিপির আরেক শীর্ষ নেতা সারজিস আলমও ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। তিনি বিশেষভাবে পঞ্চগড়-১ আসনের পরিস্থিতি উল্লেখ করে লেখেন, ‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০টির বেশি জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর, তাঁদের বাড়িঘরে ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেছে এবং হুমকি দিয়েছে। অনেকে প্রাণভয়ে পালিয়ে আছে। বিএনপি কি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি না, সেটা তাদের স্পষ্ট করতে হবে।’
বিজয়ীদের সতর্ক করে সারজিস আরও লেখেন, ‘আমরা রাজনীতি করতে এসেছি পুরোনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন ধারা তৈরি করতে। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যাঁরা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন, তাঁদের সংশোধন হওয়ার আহ্বান জানাচ্ছি। অতীত থেকে শিক্ষা নেন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।’
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন উত্তজনা ও রাজনৈতিক প্রতিহিংসার খবর পাওয়া যাচ্ছে। এনসিপি নেতাদের এমন অভিযোগের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments