ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ঢাকা-৮ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে পুনরায় ভোট গণনার আবেদন জানিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে এই আসনে বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের শপথ গ্রহণ স্থগিত রাখারও দাবি জানিয়েছেন তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে এই আবেদনটি জমা দেন।
এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচনে ভোট কারচুপি, অনিয়ম এবং বেআইনি প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এই আবেদনটি করা হয়েছিল।
আবেদনে ১২টি ভোটকেন্দ্রে ভয়াবহ অনিয়মের তথ্য তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, নির্বাচনে মির্জা আব্বাস ও তার পরিবারের সদস্যসহ দলীয় নেতা-কর্মীরা ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোটকে গণনায় অন্তর্ভুক্ত করার মতো গুরুতর নির্বাচনী অনিয়মের আশ্রয় নিয়েছেন।
এই পরিস্থিতিতে ঢাকা-৮ আসনের সঠিক জনমত প্রতিফলনের লক্ষ্যে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীর শপথ স্থগিত রাখা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments