বরিশালের বানারীপাড়ায় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হঠাৎ করেই দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে এমন দৃশ্য দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)। ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোরে দলটির কোনো কর্মী বা সমর্থক কার্যালয়ের জানালার গ্রিলে দলীয় পতাকা এবং ছবি দুটি টাঙিয়ে যান। তবে কে বা কারা এই কাজ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আশ্চর্যের বিষয় হলো, বেলা ১১টার দিকে ওই স্থান থেকে পতাকা ও ছবিগুলো পুনরায় উধাও হয়ে যায়।
এ বিষয়ে কার্যালয়ের আশপাশের দোকানিদের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে এমন দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনেকেই ফেসবুকে ছবিটি শেয়ার করে ‘আলহামদুলিল্লাহ’ লিখে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে বিক্ষুব্ধ জনতা বানারীপাড়া পৌর শহরের ফেরিঘাট এলাকায় অবস্থিত এই উপজেলা আ.লীগ কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকেই কার্যালয়টি পুরোপুরি তালাবদ্ধ ও এর কার্যক্রম বন্ধ ছিল।
মানবকণ্ঠ/আরআই




Comments