অশ্লীলতা, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় শিবির সভাপতির
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, "আমরা এই দেশকে অশ্লীলতা, চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। এ দেশের জনগণকে যদি মেধা, নৈতিকতা ও মননের দিক থেকে যোগ্য করে গড়ে তোলা যায়, তবেই একটি শ্রেষ্ঠ জাতি গঠন সম্ভব হবে।"
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগর আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "কিশোরকণ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে তাদের হাতে মেধার স্বাধীনতা তুলে দিতে সক্ষম হয়েছে। একটি সুন্দর ও সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যেই কিশোরকণ্ঠের এই নিরন্তর পথচলা। আমরা বর্তমানে একটি ঘুণে ধরা সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করছি। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এখনো নিরীহ মানুষের ওপর জুলুম চালানো হচ্ছে।"
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, "সাধারণ মানুষ যখন তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, তখন ছাত্র-জনতার পাশাপাশি হাজার হাজার মানুষ বুলেটের মুখোমুখি হয়ে প্রাণ হারিয়েছেন। কিন্তু সেই আত্মত্যাগের বিপরীতে আমরা এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারিনি। এই স্বাধীনতার মাসেই আমাদের অঙ্গীকার—এ দেশকে সকল প্রকার অশ্লীলতা, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করবো।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের নারী ও শিশু বিশেষজ্ঞ ডা. সিফাত সালেহ এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরীর চেয়ারম্যান হাছান আহমেদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান পঞ্চায়েতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments