বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে দ্রুত ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। দীর্ঘ সময় পার হলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা বিচলিত হয়ে পড়েন। পরবর্তীতে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর হঠাৎ অসুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, "ইফতারের সময় পানি পান করার সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্যের জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।"
উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের সামনে অনেক নেতাকর্মী ভিড় করছেন এবং তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments