Image description

খুলনা মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রের কার্তুজ, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১১ মার্চ) মধ্যরাতে লবণচরা থানাধীন শিপইয়ার্ড জিএম চৌধুরী রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১টি পিস্তলের কার্তুজ, ১টি চাপাতি, ১টি ফোল্ডিং চাকু এবং ৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শিপইয়ার্ড এলাকার হত্যা ও মাদকসহ ৭টি মামলার আসামি মোঃ ইব্রাহীম শিকদার (৩০), দুটি মাদক মামলার আসামি মোঃ নাঈম খান (২৮), মুসলমানপাড়া বাঁশতলা মোড়ের মোঃ রাশেদ খন্দকার (৩০) এবং বসুপাড়া এলাকার ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ৩টি মামলার আসামি মোঃ আরমান শেখ ওরফে আরমান খলিফা (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে যে, একদল অপরাধী শিপইয়ার্ড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর