Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। স্পিকারের নিরপেক্ষ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অনুপস্থিত থাকায় প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশন শুরুর সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ প্রস্তাবে সমর্থন জানান।

পরে সভাপতি খন্দকার মোশাররফ হোসেন স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচনের ঘোষণা দেন। স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাবিত হয় এবং সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, “স্পিকার জাতীয় সংসদের একটি নিরপেক্ষ আসন। নিজেকে নিরপেক্ষ রাখতে আমি ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি।”

উল্লেখ্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) গত ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং পাটমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পাকিস্তান ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন।

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।