Image description

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধীদল মানেই কেবল রাজপথে আন্দোলন নয়, বরং জনগণের প্রতিটি প্রয়োজনে পাশে থাকাই আমাদের অঙ্গীকার। বিরোধীদল যে জনকল্যাণে কাজ করে দেশ ও দশের সেবায় অনন্য উদাহরণ তৈরি করতে পারে, সেই নজির আমরা ইনশাআল্লাহ কাজের মাধ্যমেই স্থাপন করব।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী (ফুড প্যাকেট) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ একটি বীরের জাতি। আমাদের ঘাড়ের ওপর কোনো বিদেশি শক্তির আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা এ দেশের মানুষ কখনোই মেনে নেবে না। আমরা মাথা নত করার জন্য স্বাধীনতা অর্জন করিনি।”

চীনের সাথে সুসম্পর্ক এবং বন্ধুপ্রতীম সাহায্যের কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা এক চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য চীনের পক্ষ থেকে পাঠানো নানা উপহার ও ত্রাণ সামগ্রী প্রভাবশালীরা ‘হাইজ্যাক’ করেছিল, যা জনগণের কাছে পৌঁছাতে দেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে চীন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে আগের চেয়ে আরও বেশি ইতিবাচক ও কার্যকর ভূমিকা পালন করবে।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে জামায়াত আমির বলেন, “তিস্তা পাড়ের মানুষের দুঃখ লাঘব করা আমাদের অন্যতম অগ্রাধিকার। তিস্তা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের পানির অধিকার ও কৃষি উৎপাদন নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, জামায়াতে ইসলামী তাতে কোনো কার্পণ্য করবে না।”

মিরপুর এলাকায় আয়োজিত এই মানবিক অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও কয়েকশ সুবিধাবঞ্চিত মানুষ উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান নিজ হাতে দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা তুলে দেন এবং পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।

মানবকণ্ঠ/আরআই