সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে হাসপাতালের সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা মির্জা আব্বাস বর্তমানে অনেকটা সুস্থ বোধ করছেন। তিনি এখন সীমিত পরিসরে সবার সঙ্গে কথা বলতে পারছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া চলবে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে একটি জরুরি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজনে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এদিকে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গিয়েছেন। তিনি বর্তমানে দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলের জ্যেষ্ঠ এই দুই নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments