গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পদ ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে গণসংহতি আন্দোলন।
শুক্রবার দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান সমন্বয়কারীর দলীয় দায়িত্ব বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে জোনায়েদ সাকি নিজেই উপস্থিত থাকবেন। এছাড়াও দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার এবং হাসান মারুফ রুমীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে গণসংহতি আন্দোলনের নিজস্ব প্রতীক ‘মাথাল’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি। পরবর্তীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে কিছুদিন পর অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে কেবল পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয়।
এর আগে, গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছিলেন। ওই সম্মেলনের সমাপনী অধিবেশনেই ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
প্রসঙ্গত, ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ নিয়ে ২০০২ সালের ২৯ আগস্ট যাত্রা শুরু করে গণসংহতি আন্দোলন। দীর্ঘ সাংগঠনিক ও আইনি প্রক্রিয়া পার করে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের কাছ থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করে দলটি।
মানবকণ্ঠ/আরআই




Comments