বাংলাদেশ ছাত্রপক্ষের (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “জুলাই আন্দোলন আমাদের বাঁচতে শিখিয়েছে। সরকার যতই শক্তিশালী হোক না কেন, সরকারি দলের চেয়ে তোমরা (ছাত্রসমাজ) বেশি শক্তিশালী। কারণ তোমরা হলে ২৪-এর যোদ্ধা, তোমাদের কেউ দমাতে পারবে না।”
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসি লাউঞ্জ প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই আন্দোলন কোনো আকস্মিক ঘটনা নয়। এটি দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ, বৈষম্য, বঞ্চনা এবং ক্ষমতার কেন্দ্রীকরণের বিরুদ্ধে মানুষের অন্তর্গত প্রতিবাদের বহিঃপ্রকাশ। শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে এখানে এক নতুন শক্তির জন্ম হয়েছে, যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের গণ্ডিতে আবদ্ধ নয়।
তিনি আরও বলেন, এই আন্দোলনের বড় বৈশিষ্ট্য হলো এটি কোনো নির্দিষ্ট কেন্দ্রীয় নেতৃত্বের ওপর নির্ভরশীল নয়। এখানে প্রতিটি অংশগ্রহণকারী নিজেকে নেতা এবং দায়বদ্ধ নাগরিক হিসেবে ভেবেছে। যখন বলা হয় ছাত্রসমাজ সরকারি দলের চেয়ে শক্তিশালী, তখন তা শুধু সংখ্যার বিচারে নয়—বরং মনোবল, ঐক্য এবং নৈতিক অবস্থানের শক্তির প্রতিফলন।
ছাত্রপক্ষের এই নেতা উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর শক্তি মূলত সংগঠন, অর্থ ও ক্ষমতার ওপর নির্ভরশীল। কিন্তু জুলাই আন্দোলনের শক্তি এসেছে মানুষের হৃদয় থেকে। এখানে ব্যক্তিগত স্বার্থের চেয়ে ন্যায়বিচার, সমতা এবং একটি স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন বড় ছিল। এই আন্দোলন প্রমাণ করেছে, ক্ষমতা সবসময় ক্ষমতাসীনদের হাতে থাকে না; সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে প্রকৃত শক্তির জন্ম হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রপক্ষের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments