Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকার শুরু করেছে দলের মনোনয়ন বোর্ড।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু হয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মনোনয়ন প্রত্যাশীদের এই সাক্ষাৎকার পর্ব চলবে দুই দিনব্যাপী। আজ প্রথম দিন রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলবে বোর্ড।

সাক্ষাৎকারের আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদমাধ্যমকে বলেন, ‘দীর্ঘ ভয়াবহ দুঃসময় পেরিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এই সময়ে অনেকে পৈশাচিক পৈশাচিক কষ্ট ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। নারী আসন বরাদ্দে স্থায়ী কমিটি এবং দলের মনোনয়ন বোর্ড যথাযথ মূল্যায়ন করবে। বিশেষ করে যাদের সংসদে বলিষ্ঠভাবে কথা বলার যোগ্যতা রয়েছে, তাদেরই গুরুত্ব দেওয়া হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বর্তমান সংসদীয় অবস্থান অনুযায়ী বিএনপি জোট পাচ্ছে ৩৬টি আসন। এছাড়া জামায়াতে ইসলামীসহ তাদের জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন পাবেন।

মানবকণ্ঠ/ডিআর