Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, সারজিস আলম মূলত মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

সন্ধ্যায় তাঁর অস্ত্রোপচার প্রক্রিয়া সফলভাবে শেষ হয় এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে পূর্ণ সুস্থতার জন্য তাঁকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

সারজিস আলম বর্তমানে জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব পালন করছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই