Image description

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক সপ্তাহের জাপান সফর শেষে দেশে ফিরেছেন। শনিবার (৯ মে) দুপুর ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগর উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

এর আগে গত ২ মে দিবাগত রাতে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন ডা. শফিকুর রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, "জাপান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সফরকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, জাইকা ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। আমরা বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, শিক্ষা বিনিময়, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।"

তিনি আরও জানান, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে জাপান বিশেষ গুরুত্বারোপ করেছে। জাপান বাংলাদেশকে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার মনে করে এবং ভবিষ্যতে এই সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ক্যান্সার চিকিৎসা, গ্রামীণ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জাপানের কারিগরি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

দেশে ফেরার পথে থাইল্যান্ডে যাত্রাবিরতি করে জুলাই আন্দোলনের আহতদের খোঁজখবর নেওয়ার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, "জুলাই আন্দোলনে আহত যারা থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন, আমি তাঁদের সঙ্গে দেখা করেছি। তাঁদের সুচিকিৎসা, পুনর্বাসন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।"

পরিশেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধ দমনে সরকারকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সাধারণ মানুষের কষ্ট লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।"

মানবকণ্ঠ/ডিআর