পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস (Victory Day) উদ্যাপিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে গ্রিন সিটির অভ্যন্তরে রাশিয়ার ঐতিহ্যবাহী ‘ইমমোর্টাল রেজিমেন্ট’ (Immortal Regiment) বা ‘অমর রেজিমেন্ট’ শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন প্রকল্প সংশ্লিষ্ট রাশিয়ান নাগরিকরা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের চূড়ান্ত বিজয় এবং যুদ্ধে আত্মদানকারী সৈনিকদের স্মরণে প্রতি বছর এই কর্মসূচি পালন করা হয়। শোভাযাত্রায় রূপপুর প্রকল্পে কর্মরত শত শত রাশিয়ান প্রকৌশলী, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হওয়া তাদের পূর্বপুরুষ ও যোদ্ধাদের ছবি সম্বলিত ফেস্টুন এবং রাশিয়ার জাতীয় পতাকা হাতে নিয়ে ধীরলয়ে অগ্রসর হন।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ইতিহাসের বীর যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং বিশ্বজুড়ে শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। ছবিগুলো হাতে নিয়ে হাঁটার মাধ্যমে তারা বোঝাতে চান যে, তাদের পূর্বপুরুষরা আজও তাদের স্মৃতিতে অমলিন। শোভাযাত্রাকে ঘিরে পুরো গ্রিন সিটি এলাকায় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পে কয়েক হাজার রাশিয়ান নাগরিক কর্মরত রয়েছেন। বিজয় দিবস উপলক্ষে এদিন সন্ধ্যা ৭টায় গ্রিন সিটি স্টেডিয়ামে বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments