Image description

দেশের সব বাজারে বর্তমানে নীরবে চাঁদাবাজি চলছে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

বাজার পরিদর্শনকালে জামায়াত আমির বলেন, "দেশের প্রতিটি বাজারে বর্তমানে নীরবে চাঁদাবাজি চলছে। মূলত মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের দৌরাত্ম্যের কারণেই দেশের বাজারগুলোতে অস্থিরতা বিরাজ করছে এবং সাধারণ মানুষ সংকটে পড়ছে।"

সিন্ডিকেটের নেতিবাচক প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, "এক শ্রেণির সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হয়েছে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য। এই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে অবিলম্বে কার্যকর ও শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে।"

জনগণের দুর্ভোগ লাঘবে দলীয় অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার থাকবে। 

তিনি ঘোষণা দেন যে, তাদের কর্মীরা বাজার মনিটরিং করবে এবং প্রাপ্ত তথ্য ও সমস্যাগুলো পরবর্তী সংসদ অধিবেশনে গুরুত্বের সাথে উত্থাপন করা হবে।

পরিদর্শনকালে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলেন এবং দ্রব্যমূল্যের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।