Image description

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যোগদান অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতারা সরকারের নানা কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে সীমান্ত হত্যা, পানিবণ্টন ও চাঁদাবাজি রোধে কঠোর হুঁশিয়ারি দেন।

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকায় জেলা পরিষদ মিলনায়তনে এই বিশাল যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাঈদ ও ওয়াসিমদের আত্মত্যাগের যে স্বপ্ন ছিল, বর্তমান সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে। শুধু বিভিন্ন কার্ড দিয়ে জনগণকে সন্তুষ্ট রাখা যাবে না; জনগণ সুফল না পেলে এই সরকারকেও একদিন লাল কার্ড দেখাবে।”

ভারতের সঙ্গে পানিবণ্টন ও সীমান্ত হত্যা ইস্যুতে তিনি বলেন, “যদি ‘বাংলাদেশ ফার্স্ট’ রাষ্ট্রের নীতি হয়, তবে কেন সীমান্তে আমাদের মানুষ হত্যা করা হবে? রাজশাহীর নদীগুলোতে পানির সংকটের জন্য দায়ী অসম পানিবণ্টন। পানির প্রশ্নে কোনো আপস হবে না। প্রয়োজনে রাজশাহীর জনগণকে সঙ্গে নিয়ে আমরা ভারত অভিমুখে লংমার্চ করব।”

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, “দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে আজ হতাশ হয়েছে। এখনো দেশে চাঁদাবাজি ও জমি দখল বন্ধ হয়নি। বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার রক্ষায় এনসিপিকে শক্তিশালী করতে হবে।” আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর দাবি করেন, সারাদেশে এনসিপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে দলটি দেশের প্রধান গণতান্ত্রিক শক্তিতে পরিণত হবে। অপর যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ অভিযোগ করেন, সরকার সংস্কারের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, ছাত্রশিবির ও কৃষকদলসহ বিভিন্ন সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বিএনপির কুয়েত শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণঅধিকার পরিষদ রাজশাহী মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াসমিন পারভীন, নিউ ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান, কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং বাগমারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হক।

অনুষ্ঠান শেষে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। সভায় রাজশাহী জেলা ও মহানগর এনসিপির শীর্ষ নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর