ঘুষ-তদবিরহীন মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম ঘুষ ও তদবির ছাড়াই কেবল নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারে।
সোমবার (১৮ মে) বিকেল ৪টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আজকের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করতে হবে। তারা যখন পড়াশোনা শেষ করে চাকরিতে যাবে, তখন যেন তাদের ঘুষ দিতে না হয় কিংবা প্রভাবশালীদের পেছনে দৌড়াতে না হয়। বর্তমান ব্যবস্থায় তরুণদের সম্ভাবনা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। মেধা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
তিনি মেধাভিত্তিক রাষ্ট্র গড়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সরকারকে এমন ব্যবস্থা করতে হবে যাতে প্রত্যেক তরুণ তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়। দেশে পর্যাপ্ত সুযোগ না থাকলে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশেও কর্মসংস্থানের সম্মানজনক পথ তৈরি করতে হবে। তবে আমাদের লক্ষ্য হতে হবে এমন এক বাংলাদেশ, যেখানে তরুণদের স্বপ্ন হবে দেশেই কিছু করা, বিদেশে পাড়ি জমানো নয়।”
পুলিশের ভূমিকা প্রসঙ্গে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, “পুলিশকে কোনো বিশেষ দলের হাতিয়ার না হয়ে সত্যিকারের জনগণের পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রকার অন্যায় নির্দেশ বাস্তবায়ন না করে দেশের ভবিষ্যৎ প্রজন্মের পাশে তাদের দাঁড়াতে হবে।”
মাদক সমস্যা নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “শুধু মাদকসেবী নয়, যারা এর মূল হোতা সেই মাদক ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে যারা মাদক ব্যবসা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাজকে মাদকমুক্ত করা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”
রাজনীতি ও উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শুধু ভোটের সময় ব্যবহারের জন্য নয়, বরং নীতিনির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নারীদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে সামগ্রিক উন্নয়ন অসম্ভব। প্রতিটি নারীকে সুশিক্ষিত ও কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে আমরা কাজ করছি।”
তিনি তরুণদের সুস্থ ধারার রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে বলেন, “চাঁদাবাজি বা টেন্ডারবাজির নোংরা রাজনীতি নয়, আমাদের গড়তে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি।”
ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক মো. জহিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সচিব নাভিদ নওরোজ শাহ এবং জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম। সভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments