Image description

চট্টগ্রাম নগরের দেয়ালে জুলাই বিপ্লবের স্মৃতি সংবলিত গ্রাফিতি আঁকা ও মুছে ফেলাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে চট্টগ্রামের প্রতিটি দেয়ালে জুলাইয়ের গ্রাফিতি আঁকার আহ্বান জানান। তিনি লেখেন, ‘আজকের মধ্যেই চট্টগ্রামের প্রতিটি দেয়ালে জুলাইয়ের গ্রাফিতি হোক।’

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস ইসলামও ফেসবুকে এ নিয়ে প্রতিবাদ জানান। তিনি অভিযোগ করেন, ‘চট্টগ্রামের অবৈধ মেয়র পুলিশ দিয়ে ছাত্রদের পিটিয়ে গ্রাফিতি আঁকা বন্ধ করতে চায়! জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের?’

ঘটনার সূত্রপাত হয় চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায়। সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি সিটি করপোরেশনের পক্ষ থেকে মুছে ফেলা হলে তার প্রতিবাদ জানায় এনসিপি। রোববার রাতে এনসিপির নেতাকর্মীরা পুনরায় গ্রাফিতি আঁকার কর্মসূচি পালন করেন। এসময় তারা পিলারে এবং সড়কে বিভিন্ন স্লোগান লেখেন।

এর প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা এনসিপির লেখাগুলো মুছে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উদ্ভূত পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে পুলিশ জিইসি থেকে দেওয়ানহাট পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষায় এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই