Image description

একাত্তরের ঘাতক হানাদার বাহিনীকে সহযোগিতার ধারাবাহিকতায় বর্তমান সময়েও জামায়াতে ইসলামী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “১৯৭১ সালে যখন হানাদার বাহিনী এদেশের মানুষের ওপর জুলুম ও হত্যাযজ্ঞ চালাচ্ছিল, জামায়াত তখন তাদের সঙ্গে আঁতাত করে সেই অপরাধকে সমর্থন দিয়েছিল। আর বর্তমানের জামায়াত লিপ্ত রয়েছে পদ্ধতিগত অপপ্রচার ও মিথ্যাচারে।” 

তিনি অভিযোগ করেন, দলটি তাদের অতীত ও বর্তমানের অপকর্ম ঢাকতে কৌশলে ধর্মের অপব্যবহার করছে।

জামায়াত নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে রিজভী বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতারা ভিন্ন আঙ্গিকে চাঁদাবাজি চালাচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করলেও তারা একে ‘হাদিয়া’ কিংবা ‘এয়ানত’ (সাংগঠনিক চাঁদা) হিসেবে অভিহিত করছে। তিনি দাবি করেন, ধর্মের দোহাই দিয়ে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা দলটির চারিত্রিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় রুহুল কবির রিজভী দলটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের ভূমিকার তীব্র সমালোচনা করেন।

আলোচনা সভায় জাসাস-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।