Image description

নিহত দুলালের স্ত্রী মোসলিমা খাতুনের হাতে অনুদানের অর্থ তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ । ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজের জীবন উৎসর্গ করে বাসের যাত্রীদের প্রাণ বাঁচানো সেই বীর হেলপার দুলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৩১ মে) সকালে উপজেলার কেজিস্কুল পাড়া দেওয়ানের খামার গ্রামে নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ।

পরিদর্শনকালে ইউএনও নিহতের বড় ভাই ও স্ত্রী মোসলিমা খাতুনের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে 'আহসান পরিবহন' নামের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে। চালক যখন বাসটির নিয়ন্ত্রণ হারান, তখন যাত্রীদের জীবন বাঁচাতে অসীম সাহসিকতার পরিচয় দেন বাসের হেলপার দুলাল। তিনি বাস থেকে নেমে দ্রুত কাঠের গুঁড়ি ও ভারী বস্তু চাকার নিচে দিয়ে বাসটি থামানোর আপ্রাণ চেষ্টা করেন। বাসটি থামলেও দুর্ভাগ্যবশত দুলাল নিজেই চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। তার এই ত্যাগের ফলে বাসের সকল যাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পান।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, "নিজের জীবন বাজি রেখে শত শত যাত্রীর প্রাণ বাঁচানোর এই ঘটনা সত্যিই নজিরবিহীন। আমরা দুলালের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া পরিবারটিকে স্থায়ীভাবে পুনর্বাসন বা দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তার জন্য আবেদন করার পরামর্শ দেন এবং সকল প্রকার সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে তিনি নিহত দুলালের স্ত্রী মোসলিমা খাতুনের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

মানবকণ্ঠ/ডিআর