বন্দরনগরী চট্টগ্রামের জিইসি মোড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এছড়া আনোয়ারা উপজেলাতেও ঝটিকা মিছিল করেছে তারা।
সোমবার (১ জুন) সকালে এসব মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা গেছে, সোমবার সকালে নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিলটি শুরু হয়। ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এই মিছিলে প্রায় শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি জিইসি মোড়ের দিকে অগ্রসর হওয়ার সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। দ্রুত সময়ের মধ্যে মিছিলটি শেষ করে তারা এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে যারা এই মিছিল করেছে, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
একই দিন সকাল আটটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায় আরেকটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। সেখানেও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের সক্রিয় দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা দ্রুত মিছিল নিয়ে সড়ক অতিক্রম করছেন।
উল্লেখ্য, বর্তমান সরকারের পক্ষ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করার পর এই প্রথম বন্দরনগরীতে বেশি নেতাকর্মী নিয়ে তাদের এমন প্রকাশ্যে মিছিল ও স্লোগান দিতে দেখা গেল।




Comments