ফটিকছড়িতে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের: চালক আটক, বাসে আগুন
চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শাহজাহান (৪৫) ও তার ছেলে মোহাম্মদ আরিফ (১৮) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আমতলী এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান স্থানীয় এলাকার একজন মোটরসাইকেল মেকানিক। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক বাসের চালক মো. রাসেলকে (৩৮) আটক করতে সক্ষম হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাবা ও ছেলে মোটরসাইকেলে করে গ্যারেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলটির ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহজাহান ও তার ছেলে আরিফের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে। একপর্যায়ে তারা দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায় এবং মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments