Image description

দেশে হাম ও এর উপসর্গের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে।

সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১ হাজার ১৩৪ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় আরও ৪৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ একদিনে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত দেশে মোট ৭২ হাজার ৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৯ হাজার ৯৪ জনের শরীরে রোগটির অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৭ হাজার ৯০২ জন, যাদের মধ্যে ৫৩ হাজার ৭২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত আড়াই মাসে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৯৮ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন ৯০ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি; মৃত ৩ জনই ছিলেন সন্দেহজনক রোগী।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে এই ভাইরাসের দ্রুত বিস্তার ও মৃত্যুহার নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি দ্রুত চিকিৎসার ওপর জোর দিতে হবে। কোনো লক্ষণ দেখা দিলেই দেরি না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মানবকণ্ঠ/আরআই