Image description

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে প্রিয় সহকর্মী ও বন্ধুকে একদম ভিন্নধর্মী এক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই শুভেচ্ছাবার্তায় জয়া মজার ছলে জানিয়েছেন, চঞ্চলের ভিজিটিং কার্ডে তাঁর পরিচয় হিসেবে ঠিক কোন তিনটি পেশার নাম থাকা উচিত।

জয়া আহসানের রসিকতাপূর্ণ মন্তব্য অনুযায়ী, চঞ্চলের ভিজিটিং কার্ডের তালিকায় প্রথমেই থাকা উচিত ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’। দ্বিতীয় স্থানে থাকবে ‘দুরন্ত ড্রাইভার’। আর সবার শেষে অর্থাৎ তিন নম্বরে থাকবে তাঁর প্রকৃত পেশা ‘অভিনেতা’।

অবশ্য নিছক মজার আড়ালে চঞ্চলের বহুমাত্রিক মেধার প্রশংসাই করেছেন জয়া। পোস্টের শেষ দিকে তিনি চঞ্চল চৌধুরীকে ‘অভিনয়ের জাদুকর’ এবং ‘অভিনয়শিল্পের এক বিস্ময়’ হিসেবে অভিহিত করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

জয়া ও চঞ্চলের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং পর্দা রসায়ন দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ সিনেমায় রানু ও মিসির আলি চরিত্রে তাঁদের অনবদ্য অভিনয় আজও দর্শক মনে গেঁথে আছে। জন্মদিনে জয়ার এই মজার অথচ আবেগঘন পোস্টটি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। অনেকেই এই দুই তারকার অটুট বন্ধুত্বের প্রশংসা করছেন।

মানবকণ্ঠ/আরআই