Image description

গাইবান্ধার পলাশবাড়ীতে নারিকেল গাছ থেকে পড়ে মাসুদ সরকার রিফাত (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রিফাত পলাশবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং স্থানীয় সাংবাদিক শাহ আলম সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ মে) দুপুরে প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে ডাব পাড়ার উদ্দেশ্যে নিজ বাড়ির একটি নারিকেল গাছে ওঠেন রিফাত। ডাব ছেঁড়ার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এলাকায় হাসিখুশি ও মিষ্টভাষী হিসেবে পরিচিত এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১ জুন) সকাল ১১টায় জুনদহ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রদীপ কুমার প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বিষয়টি দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।"