প্রস্তাবিত বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বললেন ড. আতিক মুজাহিদ
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সম্পূর্ণ ‘উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত’ বলে আখ্যায়িত করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ। বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে উল্লেখ করে ড. আতিক মুজাহিদ বলেন, সরকার বাজেটে আড়াই লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে এই অঙ্ক সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে। এর মূল কারণ হিসেবে তিনি ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলে মন্তব্য করেন। তার মতে, বর্তমানের এই অর্থনৈতিক পরিস্থিতিতে এত বিশাল পরিমাণ রাজস্ব আদায় করা কোনোভাবেই সম্ভব নয়।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করে জানান, এই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ের ক্ষেত্রে অন্তত দুই লাখ কোটি টাকার বেশি ঘাটতি থেকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সব দিক বিবেচনা করে প্রকৃত হিসাব কষলে, এটিই হবে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ ঘাটতি বাজেট।
মানবকণ্ঠ/আরআই




Comments