Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেন।

বুধবার সকালে মৌলভীবাজার সফরে যাওয়ার পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের কয়েকজন সংসদ সদস্য। এ সময় তাদের দেখে প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে উপস্থিত থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী এমপিদের উদ্দেশে বলেন, সংসদ চলাকালে তাদের সংসদে থাকা উচিত। এরপর তিনি তাদের সংসদ অধিবেশনে যোগ দেওয়ার পরামর্শ দেন।

পরে বিকেলে ঢাকায় ফিরে সংসদ অধিবেশনে অংশ নেন এমপি এমরান আহমদ চৌধুরী।

এদিন প্রধানমন্ত্রী সিলেট হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। পরে মৌলভীবাজার সদরেও আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের খোঁজখবর নেন।

মানবকণ্ঠ/আরআই