Image description

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক মোশারফ হোসেন মিয়া মারা গেছেন। শনিবার (২০ জুন) রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা রোববার (২১ জুন) আসরের নামাজের পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মোশারফ হোসেন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পারিবারিক সদস্য ও লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট রিপন পাটোয়ারী।

রাজনৈতিক জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং হাতিয়া-রামগতি অঞ্চলের জোনাল কমান্ডারের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, মোশারফ হোসেন মিয়ার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক, বীর মুক্তিযোদ্ধা ও অভিভাবককে হারাল।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তার মৃত্যুতে শোক জানিয়েছে।

মানবকণ্ঠ/আরআই