মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজ হওয়ার দুইদিন পর সজীব বেপারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকালে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সজীব বেপারী ওই গ্রামের হাফেজ বেপারীর ছেলে। তিনি গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরের পর থেকে সজীবের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এক পর্যায়ে বিষয়টি শিবচর থানা পুলিশকে জানানো হয়। আজ সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে সজীবের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে প্রাথমিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments