Image description

বগুড়া থেকে প্রকাশিত দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।

রোববার (২১ জুন) সংগঠনটির আহ্বায়ক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ ক্ষুণ্ণ করার লক্ষ্যেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে করা একটি মামলায় এই সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ময়কর বিষয় হলো, মামলাটি করেছেন একজন সাংবাদিক, যার সঙ্গে মূল অভিযোগের কোনো সরাসরি সম্পৃক্ততা থাকার কথা নয়। এছাড়া নিম্ন আদালত অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির আগেই পুলিশ সরাসরি তাকে গ্রেপ্তার করেছে, যা আইনের স্পষ্ট অপব্যবহার।

ন্যাশনাল এডিটরস কাউন্সিল মনে করে, এ ধরনের অস্বাভাবিক গ্রেপ্তার স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে ভীতি ও ‘সেলফ-সেন্সরশিপ’ বা আত্ম-নিয়ন্ত্রণের জন্ম দেবে, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। আইনের এই প্রকার অপব্যবহার স্বাধীন সাংবাদিকতাকে চরমভাবে বাধাগ্রস্ত করবে।

বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়, গ্রেপ্তার হওয়া সম্পাদক রেজানুর ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করার যেকোনো অপচেষ্টা দেশের সম্পাদক ও সাংবাদিক সমাজ মেনে নেবে না। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে দ্রুত ও সদ্বিবেচনামূলক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

ন্যাশনাল এডিটরস কাউন্সিল স্পষ্ট করে জানিয়েছে, তারা দেশের সব সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর পেশাগত নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সবসময় সোচ্চার থাকবে এবং এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

মানবকণ্ঠ/ডিআর