জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে নামছে ১১ দলীয় জোট। এই জোটের পক্ষ থেকে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয় নগরে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জোটের এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
তিনি জানান, মঙ্গলবার বিকাল ৫টায় বিজয় নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানবর্ষকে কেন্দ্র করে ওই দিন নতুন কর্মসূচিও ঘোষণা করা হবে। একই দাবিতে আগামী ৪ জুলাই সারা দেশের জেলা শহরগুলোতে সমাবেশের ডাক দিয়েছে জোটটি।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, "ক্ষমতা টিকিয়ে রাখতে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার এক ধরনের অতীত প্রবণতা লক্ষ করা যাচ্ছে বিএনপির মধ্যে। এছাড়া জুলাই হত্যাকাণ্ডের বিচারকাজ অত্যন্ত দুর্বল ও ধীরগতিতে চলায় ভুক্তভোগী পরিবারগুলো বিচার পাওয়া নিয়ে সন্দিহান হয়ে পড়ছে।"
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে; সরকার যদি দ্রুত নিজেদের শুধরে না নেয়, তবে চলমান আন্দোলন আরও বেগবান করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জোটের এই নেতা বলেন, "আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। চারদিকে অস্থিরতা ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এভাবে চলতে থাকলে দেশের সাধারণ মানুষই সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments