যারা 'মানুষখেকো হায়েনা' হয়ে উঠতে চায়, তাদের থামানোর পর্যাপ্ত কৌশল ও 'ওষুধ' জানা আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সোমবার (২২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন।
রাশেদ খান তাঁর পোস্টে নাম উল্লেখ না করে একপক্ষকে উদ্দেশ্য করে বলেন, "মানুষখেকো হানজালারা হায়েনা হয়ে উঠতে চাইলে, হায়েনাকে থামানোর ওষুধও আমরা জানি। আমরা যখন রাজপথে লড়াই করেছি এবং কোর্টে হাজিরা দিয়েছি, তখন এই দুই দিনের বৈরাগীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হাজিরা দিয়ে শেখ হাসিনার জিকির করত।"
তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা বলেছিল যে তারা আন্দোলনে নেই। অথচ এখন তারাই আবার 'বাঘের' সঙ্গে থাকার দাবি জানাচ্ছে।
রাশেদ খান লেখেন, "আন্দোলনের আগে এই বিপ্লবী হুংকার শুনিনি। তখন তারা বিড়াল হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বসে থাকত। আর এখন তারা বিএনপির কর্মীদের খেয়ে ফেলতে চায়।"
তীব্র ক্ষোভ প্রকাশ করে বিএনপি এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, "বেশি মেকি হুংকার দিলে ফ্যাসিস্টদের সঙ্গে বিচরণের অপরাধে প্রকৃত বাঘ কিন্তু এদের কলিজাও ছিঁড়ে খেতে দ্বিধা করবে না। আমরা কিন্তু গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে উড়ে আসা বসন্তের কোকিল নই।"
রাশেদ খানের এই মন্তব্য রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা নিয়ে তাঁর এই প্রকাশ্য সমালোচনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments